আইসিসি ODI র‌্যাঙ্কিংয়ে লক্ষ্মী লাভ শুভমান গিলের, সেঞ্চুরি করেও ব্যাকফুটে বিরাট কোহলি !!

২০২৩ ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি বছর। এই বছরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এশিয়াই দেশ গুলি নিজেদের ঝালিয়ে নিচ্ছে এশিয়া কাপের মাধ্যমে। এই বছরের এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। একই সময়ে, আইসিসি ODI র‌্যাঙ্কিংয়েও ডঙ্কা বাজিয়েছে টিম ইন্ডিয়া। তিন ভারতীয় অর্থাৎ শুভমান গিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠেছেন ওপেনার গিল। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে রোহিতের সাথে ১২১ রানের ওপেনিং জুটি গড়ে ওঠা গিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৫৮ রানের ব্যক্তিগত ইনিংস খেলতে সফল হন। তবে কোনোমতে মান বেঁচেছে রোহিত আর কোহলির। তারা যথাক্রমে নবম ও অষ্টম স্থানে অবস্থান করছেন।

ভারতীয় ক্রিকেটের রাজকুমার গিল

২০১৮ সালের পর এই প্রথম তিনজন ভারতীয় খেলোয়াড় ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০- এ আছেন। প্রায় চার বছর আগে, রোহিত, বিরাট এবং শিখর ধাওয়ান সেরা ৬ ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন। তবে দীর্ঘদিন থেকে জাতীয় দলের বাইরে থাকার কারণে শিখর ধাওয়ানের স্থান আর প্রথম সারিতে থাকলো না। তবে বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন শুভমান গিল। ওয়ানডে-টেস্ট কিংবা টি-২০, যাই বলুন না কেনো, সব ক্ষেত্রেই নিজেকে ওস্তাদ বানিয়েছেন এই তরুণ তারকা।

শ্রেষ্ঠ মুকুট পাকিস্তানের কবলে

অন্যদিকে সেরা দশ ব্যাটসম্যানের মধ্যে তিনজন পাকিস্তানি ব্যাটসম্যান রয়েছেন। বাবর আজম শীর্ষস্থানে রয়েছেন, তারপরে ইমাম-উল-হক এবং ফখর জামান যথাক্রমে পঞ্চম ও দশম স্থানে রয়েছেন। অন্যান্য খেলোয়াড়দের মধ্যে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বউমা ২১ ধাপ লাফিয়ে ১১ তম স্থানে পৌঁছেছেন। শেষ আট ওয়ানডে ম্যাচে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে তার সেরা র‌্যাঙ্কিং ছিল ২৫। প্রায় ছয় থেকে সাত মাস পর ফিরে আসা কেএল রাহুল পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির কারণে দশ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে এসেছেন, যেখানে ইশান কিশান ২২ তম অবস্থানে চলে এসেছেন।

ভারতের মাটিতে জমবে বিশ্বকাপ

আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের আসর। টিম ইন্ডিয়া শেষবার ওয়ানডে ট্রফি জিতেছিল দেশের মাটিতেই। এইবারও সেই সুযোগ হাতছাড়া করতে চাইবে না। আর এই কারণে শ্রেষ্ঠ খেলোয়াড়দের নিয়ে দল ঘোষণা করেছে BCCI। রোহিত শর্মার নেতৃত্বে দলের প্রধান লক্ষ্য থাকবে বিশ্বকাপের খরা কাটিয়ে ট্রফি নিজেদের নামে করার। তবে এই জার্নি খুব সফল হবে বলে মনে হচ্ছে না, কারণ দলের নাম্বার চারের ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার আবারও আহত হয়েছেন। তবে একটি খুশীর খবরও আছে তা হল জাসপ্রীত বুমরাহের কামব্যাক।