ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম, তারপরেই আসবে শীত দক্ষিণবঙ্গে !!

দক্ষিণবঙ্গে শীত যেনো প্রবেশ করতেই চাইছে না। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ গড়িয়ে এলেও শীত কিন্তু দক্ষিণবঙ্গে মোটেই প্রবেশ করতে চাইছে না। আর এই প্রবেশ না করতে পারার কারণ হলো ঘূর্ণিঝড়। পথের কাঁটা ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে শীত নামতে পারেনি এখনো।

সোমবার থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত

এখনো অবধি শীত না এলেও খুব শীঘ্রই তা আসতে চলেছে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়।

শনিবার থেকে ঘূর্ণিঝড় আবিভূত হওয়ার সংকেত

শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে অতি গভীর নিম্নচাপ। রবিবার তা ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হবে। আপাতত পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ।আজ রবিবার ঘূর্ণিঝড়ে  পরিণত হবার পর উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এরপর গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে রবিবার সকালেই অতি গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউম ৫ ডিসেম্বর অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে। কিন্তু তারপর বাঁক নিয়ে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। ফলে ঘূর্ণিঝড়ের সঙ্গে বাংলার দূরত্ব কমবে। তাই ৬ ও ৭ ডিসেম্বর দক্ষিণবঙ্গের ১০ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

মৌসম ভবন বলছে, আগামী কয়েকদিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। ৯ ডিসেম্বর থেকে আকাশ পরিষ্কার হয়ে তাপমাত্রা কমার আশা করা হচ্ছে। তবে এখন নজর মিগজাউমের সামগ্রিক গতিবিধির উপরেই।