ক্যাফের আড়ালে কল সেন্টার শিলিগুড়িতে, এক গৃহবধুর ছবি পর্ন সাইটে আপলোড, ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা !!

ক্যাফের আড়ালে কলসেন্টার চালানোর অভিযোগ উঠলো শিলিগুড়ির এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠল গোটা শিলিগুড়ি শহর। যেসকল মহিলারা ক্যাফেতে আসতেন, তাদের ছবি তুলে পর্ন সাইটে দেওয়ার অভিযোগে এক যুবককে মারধর করল উত্তেজিত জনতা। শনিবার রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে কলেজপাড়ায় শিলিগুড়ি গার্লস হাইস্কুলের সামনে। মেয়র গৌতম দেবের বাড়ি এই এলাকাতেই।

উত্তেজিত জনতাকে সামাল দেয় পুলিশ সাথে পৌঁছন কাউন্সিলর

ঘটনার খবর পেয়ে পৌঁছে যান ওয়ার্ড কাউন্সিলার মিলি সিনহা।বকাই বাহুল্য ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রচুর লোকজন এলাকায় ভিড় জমায়। শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাউন্সিলর মিলি দেবীর দাবি, তিনি ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে যান। তিনি জানান, সাইবার ক্যাফেতে আসা মহিলাদের ছবি তুলে বিভিন্ন পর্ন ওয়েবসাইটে পোস্ট করতো এক যুবক। যার জেরেই এই ঝামেলা।

গৃহবধূর ছবি পর্ন ওয়েবসাইটে আপলোড করে যুবক

দিন পনেরো আগে এক গৃহবধূ ওই ক্যাফেতে আসেন। সেই সময় গোপনে তাঁর ছবি তুলে রাখা হয়। এরপর সেই ছবি পর্ন সাইটে আপলোড করে দেওয়া হয় বলে অভিযোগ। সম্প্রতি বিষয়টি কোনওভাবে জানতে পারেন ওই মহিলা। এরপরেই লোকজন নিয়ে দোকানে যান তিনি। হাতের কাছে পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধরও করে বলে অভিযোগ।

ক্যাফের আড়ালে কল সেন্টার চালানো হতো বলে অভিযোগ:

স্থানীয় লোকদের কারোর কারোর অভিযোগ ওই ক্যাফের আড়ালে নাকি অবৈধ কলসেন্টার চালানো হত। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শহরে আগেও অবৈধ কলসেন্টারের ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। যদিও শিলিগুড়ি থানার পুলিশের দাবি কোনও অভিযোগ হয়নি। গোলমাল ছিল মিটে গিয়েছে। শিলিগুড়ি থানার আইসি অনুপম মজুমদার জানান, অভিযোগ হলে খতিয়ে দেখা হবে। তবে গোলমাল চলছিল মিটিয়ে দেওয়া হয়েছে।

পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে কলসেন্টারের কারবার

শহর শিলিগুড়িতে অবৈধ কল সেন্টারগুলি পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে চলছে অবৈধ প্রতারণার কারবার। একের পর এক সেন্টারে হানা দিলেও বাগে আনা যাচ্ছে না। এর আগেও একাধিকবার রেড করে গ্রেফতার করা হয়েছে। হায়দ্রাবাদ থেকে এসে পুলিশ শিলিগুড়িতে চক্র ফাঁস করে।

প্রশাসনের চোখে ধুলো দিয়ে চালানো হচ্ছে কল সেন্টার

শিলিগুড়ি শহরে দিনের পর দিন বেড়ে উঠছে কল সেন্টারের আড়ালে অবৈধ কারবার। সাইবার ক্যাফে, বিউটি পার্লার এসবের আড়ালে চালানো হচ্ছে কল সেন্টার। এই সমস্ত অবৈধ সেন্টার অফ ফ্রেন্ডশিপ ক্লাবের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। তবে তা সত্বেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে শিলিগুড়ি শহরের কেন্দ্রবিন্দু ইসকন মন্দির রোড এলাকায় কল সেন্টার এর আড়ালে চলছিল রমরমা ফ্রেন্ডশিপ ক্লাব।